কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের হাফছড়িমুখ এলাকায় বৃহস্পতিবার দুপুরে উপজাতীয় সন্ত্রাসীদের হামলায় ১০জন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল হতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। বাকী একজনকে প্রাথমিক চিকিৎসা করিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ অাশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় জেএসএসের লোকজন চাঁদা দাবি করে না পেলে নির্মাণ শ্রমিকদের লাঠি-সোটা দিয়ে আঘাত করে, এর মধ্যে কয়েকজনকে ভয়ানক ছুরিকাঘাতও করা হয়েছে।
পরে স্থানীয়রা ১০জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করেন।
রাইখালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, হাফছড়ি মুখ এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. মুসলিম উদ্দিন, মো. শাহেদ, মো. কবির, মো. আনোয়ার, মো. জাবেদ মিয়া, মো. সাইফুল, মো. সোহাক, মো. রেজুয়ান, দবির আহম্মদ, মো. রাজু।
এদের বাড়ি বাঁশখালী, কক্সবাজার, ভোলা, সিলেট ও নোয়াখালী জেলায়।
তবে জেএসএসের লোকজনকে সড়কের মেরামত কাজ শেষ পর্যন্ত সম্পন্ন করতে একটা বড় অংকের অর্থ চাঁদা দেওয়ার পরেও হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন রাইখালী কৃষিফার্ম হতে ভালুকিয়া যোগাযোগ সড়ক কাজের ঠিকাদার মো. ফারুক ছেলে মো. জনি।
স্থানীয় সুত্র বলছে, গত সপ্তাহের বৃহস্পতিবার ভোর রাতে হাপছড়িতে মুখোশ পরিহিত একদল স্বশস্ত্র ডাকাত হামলা চালিয়ে প্রায় ১০লক্ষ টাকা, ২০টি মোবাইল ও স্বর্ণালংকার লুট করে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও এমন ন্যাক্কারজনক ঘটনা এলাকায় ক্ষোভের সঞ্চার করছে।

