সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটকরা হলেন- মো. খোরশেদ আলম (৪২), মো. আরমান আলী (৪৬) ও মো. আবদুর রহিম প্রকাশ আমির হামজা (২১)। এদের মধ্যে খোরশেদ আলমকে কোতোয়ালি থানার সিআরবি এলাকা থেকে এবং আরমান ও আবদুর রহিমকে নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ জানান, সোমবার রাতে নগরের সিআরবি এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে।
অন্যদিকে, মহানগর পুলিশের গোয়েন্দা (বন্দর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইয়াসির আরাফাত বলেন, সোমবার রাত ধনিয়ালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ডবলমুরিং ও কোতোয়ালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।








