সিপ্লাস ডেস্ক: সরকারি চাকরিতে নিয়োগে ৪২তম বিশেষ এবং ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার রাতে কমিশনের ওয়েবসাইটে দুই বিসিএসের বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশ করা হয়।
করোনাভাইরাস মহামারীকালে চিকিৎসক সঙ্কট কাটাতে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।
এজন্য জরুরি ভিত্তিতে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করা হয়েছে।
৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩০০ নম্বরের (এমসিকিউ লিখিত পরীক্ষা ২০০ নম্বর ও ১০০ নম্বরের মৌখিক) পরীক্ষার মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
৪২তম বিসিএসে অংশ নিতে ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন পূরণ করে ফি জমা দেওয়া যাবে। ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে।
অন্যদিকে ৪৩তম বিসিএসে অংশ নিতে ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন পূরণ করে ফি জমা দেওয়া যাবে। ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে।
৪৩তম নিয়মিত বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে সরকার।
এছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন নিয়োগ পাবে ৪৩তম বিসিএসে।







