কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় করোনা ভাইরাসকে পুঁজি করে ক্রেতাদের নিকট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে ৪ দোকানী থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার (২১ মার্চ) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোতাবেক এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশ্রাফ আহম্মেদ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম, নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মো. একরামুল হক সহ আরও অনেকে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল বলেন, যে সকল ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করছে তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড দিয়েছি। আমরা মূলত মানুষকে সচেতন করতে চাই যে একটা করোনার আতঙ্ক এর মধ্যে মানুষ যেনো সৃষ্ট কোন আতঙ্ক আমাদের মধ্যে চাপিয়ে না দেয়। এতে আমরা সকলের সহযোগিতা চাই।
ভ্রাম্যমান আদালতের অভিযানে অসাধু ব্যবসায়ীদের সাজার আওতায় আনায় ধন্যবাদ জানিয়ে কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক মো. একরামুল হক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা আমাদের সকলের দায়িত্ব।
বাজার কমিটির পক্ষ হতে এ বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

