নিউজটি শেয়ার করুন

৫ কোটি ৮৭ লাখ টাকায় বিক্রি ওয়ার্নের টুপি

দাবানলে দুর্গতদের আর্থিক সহায়তায় নিজের অমূল্য ব্যাগি গ্রিন টুপি নিলামে তুলেছিলেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। ‘অভাবনীয়’ সাড়া পেয়েছেন। শুক্রবার ছিল নিলামের শেষ দিন। শেষ মুহূর্তে এটি বিক্রি হয়েছে ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলারে। বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬৭২ টাকা।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪৫ টেস্টে পরা ক্যাপটি গত সোমবার নিলামে তুলেছিলেন ওয়ার্ন। ৭০৮টি টেস্ট উইকেটের মালিকের টুপি নেওয়ার জন্য কাড়াকাড়ি পড়ে যায় নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক এর মালিকানা পেয়ে যায়।

ওয়ার্ন জানান, সবার উদারতায় অভিভূত তিনি। ব্যাগি গ্রিন যে এত দামে বিক্রি হবে, সেটা প্রত্যাশা করেননি। পুরো অর্থ চলে যাবে অস্ট্রেলিয়ান রেড ক্রস দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন তহবিলে।

অমূল্য ব্যাগি গ্রিন কিনেই চুপচাপ থাকছে না কমনওয়েলথ ব্যাংক। এটি প্রদর্শনীর জন্য পুরো দেশ ঘুরবে তারা। সেখান থেকে বাড়তি আর্থিক সহায়তা পাওয়ার আশা প্রতিষ্ঠানটির। এরপর এটি তারা জমা দেবে ব্র্যাডম্যান জাদুঘরে।

গত সেপ্টেম্বর থেকে পুড়ছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল। এই দুর্যোগে ২৭ জন মানুষ ও হাজার হাজার পশুপাখি মারা গেছে, পুড়ে ছাই ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সাবেক অস্ট্রেলিয়া পেসার জেফ টমসন। ক্রিকেটের বাইরে টেনিস তারকা নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামসও আছেন এই তালিকায়। প্রিমিয়ার লিগ ক্লাব ব্রাইটনের অস্ট্রেলিয়ান গোলকিপার ম্যাট রায়ান বলেছেন, এই সপ্তাহে প্রতিটি সেভে পাওয়া ৫০০ অস্ট্রেলীয় ডলার তিনি দান করবেন দুর্গতদের জন্য।