নিউজটি শেয়ার করুন

৫ হাজার টাকা যৌতুকের জন্য বিয়ের আসর পন্ড

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে যৌতুকের মাত্র ৫ হাজার টাকা কম হওয়ায় বিয়ে করতে অস্বীকৃতি জানায় বর জিকু শীল । এ ঘটনায় পাত্র জিকু শীল, পাত্রের বাবা বাবুল শীল ও বিয়ের ঘটক মদন শীলকে বিয়ের আসর থেকেই আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সনাতন সম্প্রদায়ের তীর্থস্থান বোয়ালখালী মেধাসমনি আশ্রমের এ ঘটনা ঘটে।
পাত্রীর পিতা বলেন, ধর্মীয় রীতিতে এ বিয়ের আয়োজন করে বোয়ালখালীর উত্তর ভূূষির শীল পাড়ার বাবুল শীলের পুত্র জিকু শীলের বিয়ের আসরের দিনক্ষণ ঠিক হয়। কথা পাকাপাকির সময় ৬০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ পাত্রকে দেওয়ার কথা ছিল পাত্রী পক্ষের। কথা অনুযায়ী বিয়ের আসরেই পাত্রীর পিতা পাত্রের হাতে তুলে দেন ১ ভরি স্বর্ণ। গুনেগুনে দেন নগদ ৫৫ হাজার টাকা।
পাত্রীর মা জানান, ৫ হাজার টাকা আদায় করতে জিকু ফোন করে আশ্রমে নিয়ে আসেন ১৫ থেকে ২০ জনের সশস্ত্র দলকে। তাদের হুমকিতে আতংকিত হয়ে পড়ে কনের পক্ষ। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই জিকু ৫৫ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ নিয়ে পালাতে চান। এ সময় আশ্রমের মহারাজ যৌতুকের বাকি ৫ হাজার টাকা নিজ উদ্যোগে দিতে সম্মতি চান পাত্র ও পাত্রের বাবার। এতেও রাজি হয়নি পাত্রপক্ষ।
বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের আটক করলেও শুক্রবার দুপুর পর্যন্ত স্বর্ণ ও যৌতুকের ৫৫ হাজার টাকা ফেরত পাননি তারা। অথচ আটকের কিচ্ছুক্ষণ আগেই তাদের হাতে যৌতুকের ৫৫ হাজার টাকা ও স্বর্ণ তুলে দেওয়া হয়। হতদরিদ্র পিতার পক্ষে বাকি মাত্র ৫ হাজার টাকা যোগাড় করা সম্ভব হয়নি বলে তার মেয়ের বিয়ের আসর ভেঙে যায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল করিম বলেন, যৌতুকের ৫ হাজার টাকা দিতে না পারায় বিয়ের আসর ছেড়ে পালানোর সময় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।