ক্যাসিনো বাণিজ্যে বিতর্কিত দক্ষিণ মহানগর যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর থেকে তার কার্যালয়ে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশি মদ, কয়েকটি ইলেক্ট্রিক টর্চার মেশিন, চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, বিরল প্রজাতির ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র্যাব।পরে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে তাকে অবৈধভাবে বন্য প্রাণীর চামড়া সংরক্ষণের অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হবে। এসব মামলায় আদালতে উপস্থিত করে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে আনলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এর আগে ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী আরমানকেও গ্রেফতার করে র্যাব। পরে তাদেরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।








