বয়স মাত্র ৮ বছর। তাতে কী? আয়ের দিক থেকে বহু রথী-মহারথীকে পেছনে ফেলেছে রায়ান কাজী। ২০১৯ সালে তার আয় হয়েছে প্রায় ২২১ কোটি টাকা বা ২৬ মিলিয়ন ডলার। ইউটিউব প্ল্যাটফর্মে শিশুদের খেলনা নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করে এ আয় করেছে রায়ান। গতকাল বুধবার ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত ইউটিউবের সর্বোচ্চ আয় করা তারকার তালিকায় উঠে এসেছে রায়ানের নাম।
ফোর্বসের তালিকা অনুযায়ী, ২০১৮ সালেও ইউটিউবে সবচেয়ে বেশি আয় করা তারকার তালিকায় নাম ছিল রায়ানের। তার প্রকৃত নাম রায়ান গুয়ান। তাঁর চ্যানেলের নাম ‘রায়ানস ওয়ার্ল্ড’। ২০১৫ সালে তার মা-বাবা এ চ্যানেল খোলেন। ইতিমধ্যে চ্যানেলটিতে ২ কোটি ২৯ লাখ সাবসক্রাইবার রয়েছে। শুরুতে রায়ানস টয়েস রিভিউ নামে চালু করা চ্যানেলটিতে বিভিন্ন নতুন খেলনায় বাক্স খোলা ও তা নিয়ে রায়ানের খেলার ভিডিও দেখানো হতো।
ডেটা অ্যানালিটিকস ওয়েবসাইট সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী, চ্যানেলটির কয়েকটি ভিডিও ১০০ কোটিবার দেখা হয়েছে। চ্যানেলটি তৈরির পর থেকে এখন পর্যন্ত ৩৫ বিলিয়নবার দেখা হয়েছে।








