সিপ্লাস প্রতিবেদক: নগরীর হালিশহর থানায় হঠাৎ করেই ফোন আসে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে। সেখান থেকে বলা হয়, নয়াবাজার বিশ্বরোডের কাঁচাবাজারের সামনে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন এক নারী।
খবরটি শোনা মাত্র ঘটনাস্থলে ছুটে যান থানার উপ-পরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া। সেখানে গিয়ে দেখতে পান প্রসব যন্ত্রণায় অচেতন অবস্থায় পড়ে আছেন মানসিক ভারসাম্যহীন এক নারী।
৯৯৯- এ ফোনদাতা পথচারী সুমন ও লাইটহাউজ কনসোর্টিয়াম নামে একটি এনজিও’র একজন পরিচালকসহ অন্যান্যদের সহায়তায় ওই নারীকে রাস্তা থেকে তুলে ব্র্যাক মেটারনিটি সেন্টারে ভর্তি করান এসআই। বিকেলে সেখানে নেয়ার পর একটি ছেলে সন্তান প্রসব করে তিনি।
মঙ্গলবার(৮ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন এসআই সতেজ বড়ুয়া।
তিনি বলেন, ঘটনাটি ৯৯৯ এ ফোন করে জানিয়েছিলেন সুমন নামে এক পথচারী। সন্তান প্রসবের পর তাকে ও মায়ের দেখাশুনা করার জন্য এনজিওটির কর্মী শারমিনকে সাথে নিয়েছিলাম আমরা। বাচ্চা এবং বাচ্চার মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বাচ্চাটিকে দেখাশুনার জন্য আপাতত স্থানীয় এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে।
আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়ে এসআই সতেজ বড়ুয়া বলেন, মানসিক ভারসাম্যহীন প্রসূতি মা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।








