সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজারে সাগরে নেমে ইরফানুল হক মাহী (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
নিখোঁজ স্কুলছাত্র মাহী কক্সবাজার শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে। সে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাতে এএসপি মহিউদ্দিন জানান, সন্ধ্যায় সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সাগরে গোসল করছিল ইরফানুল হক মাহী ও ওয়াহিদুল ইসলাম নামের স্থানীয় দুই স্কুলছাত্র। সাগরের ঢেউয়ে সৈকতে সৃষ্টি ছোট এক গর্তে বসে গোসল করছিল ইরফানুল। এক পর্যায়ে ঢেউয়ের পানিতে সে তলিয়ে যায়।
সেখান থেকে কিছু দূরে তার সঙ্গী ওয়াহিদুল দৃশ্যটি দেখতে পেয়ে সাগরে নেমে উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয় লাইফ গার্ড কর্মীরা ঘটনাটি অবহিত হওয়ার সঙ্গে ওয়াহিদকে উদ্ধার করতে সক্ষম হলেও অন্যজনের সন্ধান পাননি।
লাইফ গার্ড কর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলসহ আশাপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও স্কুলছাত্র ইরফানুল হকের সন্ধান পাননি। শনিবার রাত ৯টা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান পাওয়া যায়নি। সৈকতের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।








