Site icon CPLUSBD.COM

সাংবাদিক সারোয়ার অপহরণ মামলায় পুলিশের চুড়ান্ত প্রতিবেদন দাখিল, নারাজী দেবেন সারোয়ার

সাংবাদিক সারোয়ার অপহরণ মামলায় পুলিশের চুড়ান্ত প্রতিবেদন দাখিল

অপহরণকারীদের হাত থেকে উদ্ধারের পর সারোয়ার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে সাংবাদিক গোলাম সারোয়ার অপহরণ মামলার(১৫/১১/২০ জি আর ৭৯২/২০ কেতোয়ালী) চুড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এ প্রতিবেদনের উপর শুনানী হবে।

তবে পুলিশের চুড়ান্ত প্রতিবেদনের বিপক্ষে নারাজী দেয়ার কথা জানিয়েছেন মামলার বাদি ও ভূক্তভোগী সাংবাদিক গোলাম সারোয়ার।

তিনি বলেন, অপহরণে যুক্তরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের নাম প্রতিবেদনে আনেনি। বরং এসব প্রভাবশালীদের আড়াল করেছে।

সারোয়ার বলেন, সংবাদ পরিবেশন করায় আমাকে অপহরণ করা হয়েছিল বলে আমি মামলার এজাহারে উল্লেখ করেছি। এই প্রভাবশালীরা আমাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়েছে। আমি তাদের বিচার চাই।

এদিকে অভিযুক্ত প্রভাবশালীদের বাদ দিয়ে পুলিশের চুড়ান্ত প্রতিবেদন দেয়ার ব্যাপারে সচেতন নাগরিক কমিটি সনাক এর চট্টগ্রাম মহানগরের সভাপতি এডভোকেট আখতার কবির চৌধুরী বলেন, এদেশে মাফিয়াদের কাছে বিচার প্রার্থীরা অসহায়। দেশে গণতন্ত্র থাকলে এই রকম একটি ভাইরাল ভিডিও থাকা সত্ত্বেও বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্থ করতে পারতো না। এখানে হয় পুলিশ কে থামিয়ে দেয়া হয়েছে, না হয় পুলিশ গাফিলতি করেছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর সকাল থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরোয়ার। তিনি আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত।১ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে সীতাকুণ্ডের কুমিরা বাজারের খালের পাশে পাওয়া যায় সাংবাদিক সারোয়ারকে। তার সম্পাদিত সিটি নিউজ বিডি ডটকম অনলাইন পত্রিকায় একজন মন্ত্রীর ভাইয়ের নামে একটি সংবাদ প্রকাশ করায় তাকে অপহরণ করা হয়েছিল বলে মনে করেন সাংবাদিক সারোয়ার।