শ্রী শ্রী কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায় কলকাতাস্থ পেয়ারলেস হাসপাতালে দেহত্যাগ করেছেন।
বুধবার রাত ২টা ১৩মিনিটে তিনি দেহত্যাগ করেন।
কৈবল্যধামের ট্রাস্টি প্রদীপ দত্ত জানান, শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টায় বিশেষ বিমানযোগে কলকাতা থেকে মোহন্ত মহারাজের শ্রীদেহ কৈবল্যধাম তীর্থপীঠে পৌঁছাবে এবং ভক্তদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রাখা হবে। সত্যনারায়ণ পূজা শেষে মহারাজের শ্রীদেহ কৈবল্যধাম প্রাঙ্গণে সমাধিস্থ করা হবে।
মহারাজের মৃত্যুতে রাম মণ্ডলীর সকল ভাই-বোনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

মোহন্ত মহারাজের আত্মার চিরশান্তি কামনা করে অনুগতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের জন্ম খুলনার বাগেরহাটের বানিয়াগাতি গ্রামে, ১৯৪৫ সালে। তিনি দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। শেরপুর সরকারি কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করার পর ২০০৫ সালের ১৬ আগস্ট শ্রীশ্রী কৈবল্যধামের ষষ্ঠ মোহন্ত পদে অভিষিক্ত হন শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়।








