সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের করোনাভাইরাস শনাক্তে সর্বাধিক নমুনা পরীক্ষা কেন্দ্র ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাব প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদসহ আরো ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৮৮জন এবং উপজেলার ১২জন। এছাড়া পুণঃপরীক্ষায় আবেো ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়(সিভাসু) তে ১০০টি নমুনা পরীক্ষায় ৩জনের এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই নগরীর বাইরের উপজেলার।
এদিকে মঙ্গলবার ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
তিনি বলেন, “বিআইটিআইডির ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদের এদিনের করা নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।”
ডা. শাকিলের নেতৃত্বে গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়।
শুরুর দিকে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার নমুনা এ ল্যাব থেকে পরীক্ষা করা হত। পরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবেও নমুনা পরীক্ষা শুরু হয়।
অসুস্থতার কারণে আইসোলেশনে গেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরও। তার জায়গায় সাময়িকভাবে নতুন একজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
ডা. হাসান শাহরিয়ারের শারীরিক অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
ডা. হাসান শাহরিয়ারের নমুনা করোনাভাইরাস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।
সাময়িকভাবে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডা. মোস্তফা খালেদ আহমদকে। তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে কাজ করছিলেন।

